
আড়াই মাসে সাড়ে আট লাখ টাকা আয়ের বিপরীতে ব্যয় প্রায় ৩৬ লাখ! মানে, এক টাকা আয় করতে বিআরটিসির খরচ হচ্ছে ৪ টাকা ২২ পয়সা। শুরুর দিন থেকে অক্টোবর পর্যন্ত বিআরটিসি’র ‘মহিলা বাস সার্ভিস’ পিংক বাসে লোকসান ২৭ লাখ টাকার বেশি।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হয় বিআরটিসি’র ‘মহিলা বাস সার্ভিস’। সন্ধ্যায় অফিস ছুটির পর পিংক বাসে সবচেয়ে বেশি ভিড় থাকে। মতিঝিল থেকে নতুন বাজারগামী বাসটি ছাড়ার আগেই পূর্ণ হয়ে যায় সব আসন। এমন আলাদা পরিবহন বেশ স্বস্তিদায়ক বলছেন কর্মজীবী নারী যাত্রীরা।
যাত্রীদে সন্তুষ্টিই বলছে, নারীদের জন্য আলাদা বাসের প্রয়োজনীয়তা রয়েছে। যদিও চিত্রটা সব সময় এমন নয়। দিনের শুরুতে, আব্দুল্লাহপুর থেকে মতিঝিলগামী একটি পিংক বাস হাউজ বিল্ডিং এলাকা থেকে অনুসরণ করে যমুনা নিউজ। খিলক্ষেত পর্যন্ত যাত্রী ছিলেন মাত্র পাঁচ থেকে ছয়জন। পরদিন বিভিন্ন এলাকার নারীদের সঙ্গে কথা বলেও উঠে আসে, অনেকে এখনও পিংক বাসের সময়সূচি জানেন না।
অনেকটা স্কুল বাসের মতোই চলছে বিআরটিসির পিংক বাস। সকালে নির্দিষ্ট সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে দীর্ঘ বিরতি। এরপর বিকেলে আবার ফিরতি যাত্রা।
বিআরটিসির হিসাব বলছে, চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর, এই তিন মাসে, পিংক বাসে আয় হয়েছে প্রায় ৮ লাখ ৫১ হাজার টাকা। বিপরীতে ব্যয় ৩৫ লাখ ৮৭ হাজার টাকা। অর্থাৎ, এই সময়ে প্রায় ২৭ লাখ ৩৬ হাজার টাকা লোকসান গুণতে হয়েছে।
অফ-পিক সময়ে বাসগুলোকে বিকল্প রুটে চালানো আর যাত্রী সংখ্যা বাড়াতে প্রচার-প্রচারণা বাড়ানোর কথা জানান বিআরটিসি চেয়ারম্যান। জানান, শিগগিরই এই সেবায় যুক্ত হবে আরও ১০০টি বৈদ্যুতিক বাস।
বিআরটিসি চেয়ারম্যান জানান, নারীদের পাশাপাশি আপনজনকে সঙ্গে নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সেইসঙ্গে চলছে রুট আর সময়সূচিভিত্তিক মোবাইল অ্যাপ তৈরির কাজও।