November 23, 2026, 5:18 am
শিরোনাম :
দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আঞ্চলিক চ্যাম্পিয়ন জাজিরার রমজান প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ ৪ বছর পর আবারও ঢাকার মঞ্চে ওটিলিয়া, সঙ্গে ফুয়াদ ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম

নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আঞ্চলিক চ্যাম্পিয়ন জাজিরার রমজান

জাহিদ হাসান, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থীদের দল ‘গ্যালাকটিক পোয়েট’। দলের সদস্য শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের মহিউদ্দিন হাওলাদার কান্দি গ্রামের মো. রমজান মিয়া। তিনি মোহাম্মদ মাসুদুজ্জামান দাদনের ছেলে। ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হ্যাকাথনে পাঁচ সদস্যের এ দল ‘রোভার ভিলা’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে। মহাকাশ অভিযানে ব্যবহৃত রোবট, রোভার, ল্যান্ডার ও প্রোবের ইতিহাস সহজভাবে তুলে ধরাই এর উদ্দেশ্য। ১৭ নভেম্বর ঢাকার এআইইউবি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে দলটির নাম ঘোষণা করা হয়।
দলনেতা মুয়াম্মার তাজওয়ার আসফি বলেন, মহাকাশযানগুলোর অভিযান শেষ হলেও গল্প শেষ হয়নি, সেই গল্প তাঁরা মানুষের কাছে পৌঁছে দেবেন। দলের অন্য সদস্যরা হলেন অতসী শর্মা, সুস্মিতা ঘোষ ও জিহাদ রহমান। আঞ্চলিক পর্বে জয়ের সুবাদে দলটি বৈশ্বিক পর্যায়ের জন্য মনোনীত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর গ্লোবাল রাউন্ডের জন্য নির্বাচিত দলগুলোর নাম ঘোষণার কথা রয়েছে। রমজান ফেসবুক পোস্টে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বৈশ্বিক পর্বে সফলতার জন্য সবার দোয়া চেয়েছেন।
রমজান সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেছেন। তাঁর শিক্ষক শেখর প্রসাদ ভৌমিক এবং পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি এ অর্জনকে গর্বের বলে উল্লেখ করেছেন। এবারের প্রতিযোগিতা ১১০টির বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৬০০টি স্থানীয় আয়োজনে অনুষ্ঠিত হয়, যার মধ্যে বাংলাদেশে ছিল নয়টি। স্থানীয়দের প্রত্যাশা, রমজানের এ সাফল্য নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।



ফেসবুক কর্নার