
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চম্পা বেগম (৪০) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার বীর সিংজুরী গ্রামে নিজ বাড়ির পাশে বাথরুমের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত চম্পা বেগম সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে কর্মরত ছিলেন। সোমবার সকালে প্রতিদিনের মতো তিনি কর্মস্থলে যান, তবে রাতে আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার ভোরে বাড়ির পাশে বাথরুমের কাছে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁর শাশুড়ি।
ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।