
২০২৭ সাল থেকে দেশের ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ১০ লাখ শিশুর জন্য মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমানে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে।
ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ততা ও তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ, স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে পাঁচ বছরের কম বয়সী ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা নির্বাচিত পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম হন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় আবু আব্দুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় হন রংপুরের সাজিয়া ফেরদৌস। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।