
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল দেশটিতে যাবে। প্রবাসীদের আইনি সহায়তায় ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে। পাশাপাশি বৈধ-অবৈধ নির্বিশেষে বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ দেশে ফেরার পর তাঁদের পরিবারকে দাফন বা সৎকারের জন্য ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীদের চিকিৎসাসেবা ও অন্যান্য সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কামরিল হাসান তরফদার। এ সময় সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সংগঠনের নবনির্বাচিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান শেষ হয়।