
ফয়সাল আহমেদ কুষ্টিয়া
জনস্বাস্থ্য সুরক্ষা ও তরুণ প্রজন্মকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে সরকার নতুন অধ্যাদেশ জারি করেছে। অধ্যাদেশ অনুযায়ী, প্রকাশ্যে ধূমপান করলে সংশ্লিষ্ট ধূমপায়ী ব্যক্তিকে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা গুনতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ধূমপান সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত বিক্রেতাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা।
নতুন অধ্যাদেশে বলা হয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে ধূমপান সামগ্রী বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে জরিমানা,এমনকি কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
জনসমাগমপূর্ণ স্থান, বাসস্ট্যান্ড, পার্ক, মার্কেট ও সরকারি-বেসরকারি অফিস চত্বরে প্রকাশ্যে ধূমপান রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি আইন বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই অধ্যাদেশ কার্যকরভাবে বাস্তবায়ন হলে ধূমপানের হার কমবে এবং বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। সচেতন মহল নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন।