March 10, 2026, 10:20 am

রাজনীতিতে স্বচ্ছতার ব্যতিক্রমী দৃষ্টান্ত: সম্পদের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করলেন বাগেরহাট-১ আসনে এবি পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম

অভয়নগর প্রতিবেদক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছেন এবি পার্টি মনোনীত বাগেরহাট–১ (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে নিজের আয়, ব্যয় ও সম্পদের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে ভোটারদের প্রতি এক সাহসী ও সুস্পষ্ট বার্তা দিয়েছেন।
প্রকাশিত তথ্যে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও ফ্যাসিবাদী শাসন পরিস্থিতিতে তার আয়-রোজগার দীর্ঘ সময় স্থবির হয়ে পড়েছিল। তবে গত আগস্টে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় পেশাগত কাজে ফিরতে সক্ষম হন এবং আগস্ট থেকে জুন ২০২৫ পর্যন্ত তার পেশা থেকে নিট আয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।
তিনি জানান, কর সচেতন নাগরিক হিসেবে ২০২৫–২৬ কর বছরে মাত্র ১০ মাসেই নিয়মিতভাবে ৪ লাখ ৩০ হাজার টাকা আয়কর প্রদান করেছেন। তার নামে কোনো ব্যাংক ঋণ নেই, তিনি কখনো খেলাপি নন এবং তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করেন তিনি। উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি এবং ঢাকায় শেয়ারভিত্তিক কিছু জমি ছাড়া উল্লেখযোগ্য স্থাবর সম্পদ তার নেই বলে জানান আমিনুল ইসলাম।
এছাড়া তার নামে পূর্বে খোলা তিনটি ব্যাংক হিসাব এবং নির্বাচন উপলক্ষে খোলা একটি নতুন হিসাব ছাড়া আর কোনো ব্যাংক হিসাব নেই বলে জানান তিনি। তার স্ত্রীর বিবাহকাল থেকে এ পর্যন্ত প্রাপ্ত ও ক্রয়কৃত স্বর্ণের পরিমাণ প্রায় ২০ ভরি বলেও উল্লেখ করেন। সব মিলিয়ে তার মোট সম্পদের ক্রয়মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানান তিনি। এ অর্থের বড় একটি অংশ রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক সেবামূলক কাজে ব্যয় হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সবশেষে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, জীবনের কোনো পর্যায়ে তিনি ঘুষ, কমিশন, চাঁদা বা কোনো ধরনের অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করেননি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একজন সংসদ সদস্য প্রার্থীর এমন স্বতঃস্ফূর্তভাবে সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ বাংলাদেশের রাজনীতিতে একটি বিরল ঘটনা। এতে ভোটারদের আস্থা বৃদ্ধি পাবে এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির নতুন ধারা প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের মন্তব্য।



ফেসবুক কর্নার