June 6, 2026, 4:45 am
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

অবৈধ ড্রেজারে বালু উত্তোলনে বিপর্যস্ত পাঞ্জাখানা এলাকা, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফোরকানিয়া পাঞ্জাখানা সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে একদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, পাঞ্জাখানা ও আশপাশের বসতবাড়ির খুব কাছেই ড্রেজার বসিয়ে গভীর গর্ত করে বালু উত্তোলন করা হচ্ছে। বালু পরিবহনের জন্য ভারী ট্রাক ও ড্রাম ট্রাক চলাচলের ফলে স্থানীয় সড়কগুলো বড় বড় গর্তে ভেঙে পড়েছে এবং অনেক জায়গায় চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টির সময় এসব রাস্তায় কাদা ও পিচ্ছিল অবস্থার কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ড্রেজারের বিকট শব্দ ও ধুলোবালির কারণে পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এতে শিশুদের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। পাঞ্জাখানায় পড়তে যাওয়া কোমলমতি শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েছে, অনেকেই সেখানে যেতে অনাগ্রহ দেখাচ্ছে। অভিভাবকরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এলাকাবাসী আরও জানান, বালু উত্তোলনের ফলে নদীর পাড় ও আশপাশের বসতভিটা ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিদিন অসংখ্য ট্রাকে বালু পরিবহন করায় গ্রামীণ পরিবেশ ও সড়কব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একাধিকবার বাধা দিলেও সংশ্লিষ্টরা তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকা বা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিকট বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। তবে এ ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে স্থানীয়দের দাবি।
এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার