
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি হান্নান মিয়া (৪৪) কে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে র্যাব-১১ ও র্যাব-১৫ এর যৌথ অভিযানে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুপুর ২টা ৩৫ মিনিট থেকে বিকেল ৩টা ১০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হান্নান মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার প্রফেসর বাড়ি বাইড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মালেক।
র্যাব সূত্রে জানা যায়, তিনি মুন্সিগঞ্জের গজারিয়া থানার একটি ডাকাতি মামলার (মামলা নং-০৭, তারিখ: ৬ এপ্রিল ২০২৬, ধারা: ৩৯৪, পেনাল কোড ১৮৬০) ৩ নম্বর আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই মামলায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।