
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় যাত্রীবাহী বাস ও সেনাসদস্যবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জিয়াউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন সেনাসদস্যসহ বহু যাত্রী আহত হয়েছেন।
রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ‘হিমেল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনাসদস্যদের বহনকারী একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। তালবাড়ীয়া এলাকায় পৌঁছালে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় জিয়াউল ইসলামকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।