
মানিকগঞ্জ জেলাকে একটি শান্ত, সুন্দর ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। তিনি বলেন, কোনো অবস্থাতেই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না এবং অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার (১৪ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামিলুর রশিদ জামিল। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সড়ক ব্যবস্থাপনা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া, সামাজিক সমস্যা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা জেলার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সেগুলোর দ্রুত সমাধানের দাবি জানান।
উপস্থিত প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর মন্ত্রী আফরোজা খানম রিতা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, “জনগণের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। ভবিষ্যতে যেন একই সমস্যা নিয়ে আবার অভিযোগ শুনতে না হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা বলেন, জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানিকগঞ্জকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।