July 8, 2026, 6:01 pm

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক

অভয়নগর প্রতিবেদক

কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রথম ঝলক প্রকাশের পর ‘নারীবিদ্বেষী’ তকমা নিয়ে বিতর্কের মুখে পড়া ছবিটি এবার আবারও সমালোচনায় এসেছে প্রথম গান প্রকাশের পর।

সম্প্রতি প্রকাশিত গানটিতে যশ ও কিয়ারা আদভানির রোমান্টিক রসায়ন, আবেগঘন মুহূর্ত এবং একাধিক ঘনিষ্ঠ দৃশ্য দর্শকদের নজর কেড়েছে। একদিকে গানটির ভিজ্যুয়াল, সুর এবং দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রি প্রশংসিত হলেও, অন্যদিকে সাহসী দৃশ্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক।

গানটিতে প্রেমকে গভীর, আবেগপূর্ণ ও সর্বগ্রাসী অনুভূতি হিসেবে তুলে ধরা হয়েছে। যশ ও কিয়ারার অভিনয় এবং তাদের পর্দার রসায়নকে ছবির অন্যতম বড় আকর্ষণ বলেও মন্তব্য করছেন অনেক দর্শক। তবে সমালোচকরাও কম সরব নন। অনেকের অভিযোগ, একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রচারণায় এত বেশি ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজন ছিল না।

কারও মতে, এটি অ্যাকশন চলচ্চিত্রের পরিবর্তে ‘ইরোটিকা’ধর্মী আবহ তৈরি করেছে। আবার কেউ মন্তব্য করেছেন, ‘টক্সিক’ নামের আড়ালে নির্মাতারা বিতর্কিত বিষয়কে স্বাভাবিকভাবে উপস্থাপনের চেষ্টা করছেন।

একজন দর্শক তো গানটির ভিডিওকে গর্ভনিরোধক পণ্যের বিজ্ঞাপনের সঙ্গেও তুলনা করেছেন। তবে সমালোচনার মাঝেও কিয়ারা আদভানির লুক, উপস্থিতি এবং যশের সঙ্গে তার রসায়নের প্রশংসা করেছেন অসংখ্য দর্শক। গানটির সুর, কণ্ঠ ও সংগীতায়োজন করেছেন বিশাল মিশ্র। হিন্দি সংস্করণের গীতিকার রাজ শেখর। পাশাপাশি গানটি কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষাতেও একযোগে প্রকাশ করা হয়েছে।

এর আগে সিনেমাটি নিয়ে যশ বলেছিলেন, ‘সাধারণত অ্যাকশন ছবি বললেই পুরুষ পরিচালকদের কথা মাথায় আসে। ভারতে দীর্ঘদিন ধরেই এমনটা হয়ে আসছে। বড় মাপের অ্যাকশন, তার উপর গ্যাংস্টারদের নিয়ে তৈরি ছবির পরিচালনা পুরুষেরাই করে থাকেন। এ বার যদি লড়াইয়ের ছবি নারীর দৃষ্টিভঙ্গিতে হয়, সেটা নতুন হবে।’

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি প্রতিটি নতুন প্রচারণামূলক কনটেন্ট ঘিরে তৈরি হচ্ছে আলোচনা ও বিতর্কও।



ফেসবুক কর্নার