
বিনোদন ডেস্ক: রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার দিককে উপজীব্য করে নির্মিত হতে যাওয়া ‘গুলশানের চামেলি’ সিনেমায় যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এর আগে ছবিটির প্রধান নারী চরিত্রে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করা হয়। এই সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে ‘পাখি’খ্যাত এই টালিউড তারকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছবিতে বাঁধন একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হননি নির্মাতা মোহাম্মদ ইকবাল কিংবা অভিনেত্রী নিজে। নির্মাতা জানিয়েছেন, আগামী ১ আগস্ট ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। সেদিনই আনুষ্ঠানিকভাবে শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
গত কয়েক বছরে টালিউডের একাধিক অভিনেত্রী বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করেছেন। ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, সুস্মিতা চট্টোপাধ্যায় ও সৃজা দত্তের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন মধুমিতা সরকার।
জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে ‘পাখি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান মধুমিতা। বাংলাদেশেও তার উল্লেখযোগ্য ভক্ত-অনুসারী রয়েছে। এর আগে ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত নাটক ‘মেঘবালিকা’-তে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করলেও এবারই প্রথম তিনি বাংলাদেশের কোনো চলচ্চিত্রে কাজ করছেন।
নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, গল্প ও চরিত্র—দুটিই তার কাছে দারুণ লেগেছে। চরিত্রটিতে অভিনয়ের নানা মাত্রা থাকায় নিজের দক্ষতা দেখানোর ভালো সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।
নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং চলতি বছরই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রায় পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন কারণে এর কাজ শুরু করা সম্ভব হয়নি।
আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিত ‘গুলশানের চামেলি’-র গল্পে উঠে আসবে এক যৌনকর্মীর জীবন, যিনি কোনো অপরাধ না করেও ক্ষমতার নিষ্ঠুর রাজনীতির শিকার হন। নির্মাতার আশা, আগামী বছরের কোনো এক ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
উল্লেখ্য, আজমেরী হক বাঁধনকে সর্বশেষ দেখা গেছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। এছাড়া তার অভিনীত ‘মাস্টার’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।