
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য ‘বগুড়া দই ঘর’ হোটেলে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২ আগস্ট) পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, হোটেলে মিষ্টির সঙ্গে পরিবেশিত গ্রিল তৈরির উপকরণে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার করা হচ্ছিল, যা মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া মিষ্টি সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়নি।
এসব অনিয়মের প্রমাণের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটির মালিক মো. সৈয়দ আলী মণ্ডলকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে সকল ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি ও প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।