ময়মনসিংহের ফুলপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সাধনা ত্রিপুরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, ফুলপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ফয়জুর রহমান, উপজেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুল কাদির, সহ-সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ চঞ্চল, সহ-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহসহ অন্যান্য সদস্যরা।
এ সময় সংগঠনের নেতারা বলেন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব অবস্থা জনগণের সামনে উপস্থাপনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ দায়িত্ব পালনে প্রশাসনের আন্তরিক সহযোগিতা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ সাধনা ত্রিপুরা বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, প্রশাসন সবসময় আইন ও বিধিমালার আলোকে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। পাশাপাশি সমাজের বাস্তব সমস্যা, উন্নয়ন কার্যক্রমের সাফল্য-সীমাবদ্ধতা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিরপেক্ষভাবে সংবাদে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে জনসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।