March 7, 2026, 5:17 pm

নির্বাচনে অবৈধ ও প্রয়োজন ছাড়া বৈধ সব অস্ত্র উদ্ধার জরুরি: নুরুল হক নুর

অভয়নগর প্রতিবেদক

নির্বাচনে অবৈধ ও প্রয়োজন ছাড়া বৈধ সব অস্ত্র উদ্ধার জরুরি: নুরুল হক নুর

রাজনীতি

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, নির্বাচনের সময় অবৈধ অস্ত্রের পাশাপাশি প্রয়োজন ছাড়া বৈধ সব অস্ত্রও উদ্ধার করা জরুরি। এতে করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্বাচনী প্রতীক বরাদ্দ শেষে আয়োজিত আলোচনা সভা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, নির্বাচনের সময় জাতীয় পর্যায়ের নেতাদের পাশাপাশি সাধারণ প্রার্থীরাও নিরাপত্তা ঝুঁকিতে থাকেন। অনেকের সঙ্গে সরকারিভাবে গানম্যান দেওয়া হয়েছে। তবে শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, পুরো নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে স্থানীয় প্রশাসনের দায়িত্ব রয়েছে। তিনি বলেন, যারা চরম ঝুঁকিতে আছেন তারা ছাড়া অন্য সবার কাছ থেকে বৈধ অস্ত্রও সাময়িকভাবে জমা নেওয়া উচিত।

তিনি আরও বলেন, এই নির্বাচন বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রত্যাশিত। বিগত কয়েকটি নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। ভোট ছাড়াই কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার ঘটনা দেশকে গভীর রাজনৈতিক সংকটে ফেলেছিল। সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে এবার একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় জনগণ।

গণভোট প্রসঙ্গে নুর বলেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধু সংসদ সদস্য হওয়ার প্রতিযোগিতা নয়। এটি নাগরিকের মর্যাদা, অধিকার এবং আইনের সুরক্ষা নিশ্চিত করার সংগ্রাম। রাষ্ট্রে যেন কেউ জোর করে ক্ষমতা দখল করতে না পারে, স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যম যেন টিকে থাকে—এই লক্ষ্যেই জুলাই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এটি একটি ঐতিহাসিক নির্বাচন।

নিজ অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে পেরে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া কামনা করেন।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে নুর বলেন, পটুয়াখালী-৩ একটি পিছিয়ে পড়া অঞ্চল। এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলা ও কৃষি খাতে উন্নয়ন জরুরি। তরুণদের মেধা বিকাশ ও কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন নুরুল হক নুর।



ফেসবুক কর্নার