March 7, 2026, 7:33 am

ভাতা নয়, কাজ চেয়েছে যুবসমাজ: কর্মসংস্থান করবে জামায়াত

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের যুবসমাজ কখনো ভাতা চায়নি, তারা চেয়েছে কাজ ও কর্মসংস্থান। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ধর্ম ও জেন্ডার নির্বিশেষে ইনসাফের ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কাজের ব্যবস্থা না করে শুধু বেকার ভাতা দেওয়া যুবসমাজের জন্য অপমানজনক। যুবকদের উদ্দেশে তিনি বলেন, তারা কারও কাছে মিছিল করে ভাতা চায়নি, তারা কাজ চেয়েছে। জামায়াতে ইসলামী তাদের হাতে কাজ তুলে দেবে এবং সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ সৃষ্টি করবে।

তিনি বলেন, আগামী ১২ জানুয়ারির বিজয় কোনো ব্যক্তি বা দলের বিজয় নয়, বরং তা হোক ১৮ কোটি মানুষের বিজয়। মানবতার বিজয়ই জামায়াতে ইসলামীর প্রকৃত বিজয় বলে মন্তব্য করেন তিনি।

নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সম্মান ও নিরাপত্তার সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখবেন। বড় শহরগুলোতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস ও পিক আওয়ারে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হবে।

কর্মজীবী মায়েদের বিষয়ে তিনি বলেন, কর্মক্ষেত্রে বেবি কর্নার, ব্রেস্টফিডিং কর্নার ও ডে-কেয়ার ব্যবস্থা নিশ্চিত করা হবে। সন্তান লালন-পালনের কারণে যাতে কোনো মা চাকরি ছাড়তে বাধ্য না হন, সে জন্য পাঁচ ঘণ্টার কর্মঘণ্টার সুযোগ রাখা হবে। তবে কেউ চাইলে আট ঘণ্টাই কাজ করতে পারবেন, এতে কোনো বাধ্যবাধকতা থাকবে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাষ্ট্রের বুনিয়াদ মা-বোনেরা। তাদের বাদ দিয়ে কোনো ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব নয়। নারীদের চলাচল ও কর্মপরিবেশকে নিরাপদ ও মানবিক করা হবে।

যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী বেকার ভাতা নয়, যুবকদের হাতে দুইটি দক্ষতা তুলে দেবে—ভাষাগত দক্ষতা (ইংরেজি, আরবি) এবং পেশাগত দক্ষতা, যাতে তারা মর্যাদার সঙ্গে কর্মজীবন গড়ে তুলতে পারে।

জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, যারা মায়েদের গায়ে হাত তুলেছে, তাদের তওবা করে ক্ষমা চাইতে হবে। মায়েদের সম্মান না করলে ভবিষ্যতে এর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির এবং মিরপুর-১৫ আসনের আসন পরিচালক আবদুর রহমান মুসা।



ফেসবুক কর্নার