
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আবদুস সবুর লিটনের মালিকানাধীন সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নেপথ্যে থেকে সেটি পরিচালনা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি করেন।
রাশেদ খাঁনের দাবি, ‘তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো’ নাম পরিবর্তন করে ‘জেনুইন লিফ টোব্যাকো লিমিটেড’ রাখা হয়েছে। তার অভিযোগ, পটপরিবর্তনের পর আওয়ামী লীগঘনিষ্ঠ এ কে এম জিয়া উদ্দিন প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হন। পরে তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়কের পদ পান এবং প্রতিষ্ঠান পরিচালনায় নাসীরুদ্দীন পাটওয়ারীর সহযোগিতা নেন।
রাশেদ খাঁন আরও দাবি করেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) তদন্ত করছে। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগঘনিষ্ঠদের ‘শেল্টার’ দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এনসিপির নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি না। একই সঙ্গে কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কোনো ব্যবস্থা নেবেন কি না, সে প্রশ্নও রাখেন রাশেদ খাঁন।