October 7, 2026, 6:33 am

বকশীগঞ্জে দেলোয়ারকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি, সংবাদ সম্মেলন

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার, জামালপুর

 

জামালপুরের বকশীগঞ্জে দেলোয়ার হোসেন মাস্টারকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মধ্যবাজারে মুক্তিযোদ্ধা কমান্ডের পুরোনো কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী বলেন, ২০২২ সালে প্রকাশিত গেজেটে সারা দেশে ৮১ জনের ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জামুকা। ওই তালিকায় বকশীগঞ্জের দুজনের গেজেট বাতিল করা হয়। তারা হলেন দেলোয়ার হোসেন ও আব্দুর রাজ্জাক। দেলোয়ার হোসেনের পরিবারের পক্ষ থেকে তিনি প্রত্যয়নপত্র দিয়েছেন বলে যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন বলেও দাবি করেন নওশেদ আলী।

তিনি আরও বলেন, দেশে একজন বীর মুক্তিযোদ্ধা জীবিত থাকা পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সুযোগ দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দসহ সাধারণ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, গত ১ অক্টোবর দেলোয়ার হোসেনের মৃত্যুর পর জানাজায় যাওয়ার সময় বকশীগঞ্জের মুক্তিযোদ্ধারা তার মরদেহে গার্ড অব অনার প্রদানে বাধা দেন।



ফেসবুক কর্নার