
সিলেট নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক কদমতলী বাস টার্মিনাল থেকে হুমায়ুন চত্বর হয়ে ঢাকা যাওয়ার সড়কটির বেহাল দশা,সরেজমিনে আজ বিকালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শনে করে দেখতে পাই কদমতলী বাসস্ট্যান্ড মেনালের সামনের অংশ থেকে হুমায়ুন চত্বর পর্যন্ত সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। বর্তমানে সড়কটির অবস্থা এতটাই নাজুক যে যানবাহন চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছুদিন পরপর সড়কটির সংস্কারকাজ করা হলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। বৃষ্টি কিংবা কয়েক দিন অতিবাহিত হলেই আগের অবস্থায় ফিরে যায় সড়কটি। ফলে বারবার সংস্কার করা হলেও স্থায়ী কোনো সমাধান মিলছে না।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের খানাখন্দের কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। অনেক চালককে ঘন ঘন গাড়ি মেরামতের জন্য গ্যারেজে যেতে হচ্ছে। পাশাপাশি ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে চালকদের। কয়েক দিন আগেও সড়কের একটি গর্তে পড়ে একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন দুরবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। বিশেষ করে বাস ও পণ্যবাহী যানবাহনের চলাচলে সৃষ্টি হচ্ছে বাড়তি ঝুঁকি।
সড়কটির গুরুত্বও অপরিসীম। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী অধিকাংশ বাসকে এই সড়ক ব্যবহার করতে হয়। একইভাবে বাসগুলোকে টার্মিনালে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রেও সড়কটির ওপর নির্ভর করতে হয়। এ ছাড়া রেলস্টেশনসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্যও প্রতিদিন অসংখ্য মানুষ এই সড়ক ব্যবহার করেন।
এদিকে, সড়কটির বেহাল দশা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে যোগাযোগ করলে অনেকেই দায়সারা উত্তর দিচ্ছেন। ফলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে, তা নিয়ে হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
সচেতন মহলের দাবি, সাময়িক জোড়াতালি দিয়ে নয়, বরং টেকসই ও মানসম্মত সংস্কারের মাধ্যমে সড়কটির স্থায়ী সমাধান করতে হবে। সিলেট নগরীর এত গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থায় পড়ে থাকা কোনোভাবেই কাম্য নয়।
তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে কদমতলী বাস টার্মিনাল থেকে হুমায়ুন চত্বর পর্যন্ত সড়কটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।