
কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে ইবি থানা পুলিশের একটি দল হরিনারায়ণপুর বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে অবস্থানরত ছাত্রলীগ নেতা মো. রাকিবুল ইসলাম শাওনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ইবি থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম শাওনের বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার বিষয়ে যাচাই-বাছাই চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।