November 21, 2026, 1:18 pm
শিরোনাম :
আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কদমতলী সড়কে বেহাল দশা, ভোগান্তি চরমে  লামায় জব্দ করা বালু লুটের প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ চিকিৎসক সংকটে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, ব্যাহত সেবা ফরিদপুরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল কালিয়ায় উপজেলা বিএনপি’র সভাপতির পদত্যাগ ঘোষণা কমলনগরে দিদার খোনারের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডগুলোর বেহাল দশা নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-আগুন ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাকিবুল ইসলাম রাকিব, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আগামী পাঁচ বছরে দেশের দুই কোটি প্রান্তিক, দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হবে। এ সময় অন্তত এক কোটি মানুষের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ এবং ছানিজনিত কারণে দৃষ্টিশক্তি হারানো ১০ লাখের বেশি মানুষের অস্ত্রোপচারের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে প্রফেসর এম এ মতিন আই কেয়ার সিস্টেম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে জেলায় অন্তত ৫০ হাজার ছানি অপারেশন বিনামূল্যে সম্পন্ন করা হবে। পাশাপাশি জেলার প্রায় চার লাখ মানুষের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চক্ষুসেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে অর্থনৈতিক অসচ্ছলতা কিংবা দূরবর্তী অবস্থানের কারণে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।
দিনব্যাপী আয়োজিত এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানিসহ বিভিন্ন চক্ষুরোগের চিকিৎসা পরামর্শ এবং চশমার পাওয়ার নির্ণয় করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ছানি আক্রান্ত রোগীদের তালিকাভুক্ত করে পরবর্তী সময়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, ছয়টি বিদেশি এনজিওর প্রতিনিধিদলসহ স্বাস্থ্যসেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।
ক্যাম্পে দিনব্যাপী বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে চক্ষুসেবা গ্রহণ করেন।



ফেসবুক কর্নার