
কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর ২৩ ভারতীয় নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড। মঙ্গলবার হামলার পর লাইবেরিয়ার পতাকাবাহী ‘আফরাম্যাক্স রিও’ নামের জাহাজটিতে আগুন ধরে যায়। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নাভাল ড্রোনের আঘাতে আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।
রুশ পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকারী দল জাহাজটির কাছে পৌঁছানোর সময় পুরো জাহাজে আগুন জ্বলছিল। জাহাজটিতে থাকা ২৩ জন নাবিকই ভারতীয় নাগরিক। আগুনের তীব্রতার কারণে তাদের উদ্ধারে বেগ পেতে হলেও সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। পরে দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে জাহাজটি থেকে আগুন ও কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।
হামলাটি কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ রিসোর্ট শহর সোচির কাছাকাছি সাইরিয়াস এলাকায় ঘটেছে। ঘটনার পর সাইরিয়াসের সব সমুদ্রসৈকতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে রুশ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হামলাটি ইউক্রেনের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। রুশ অপরিশোধিত তেল পরিবহনে জড়িত থাকার অভিযোগে জাহাজটি এর আগে ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত ছিল।