
সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে তিনটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বাহিনী। সোমবার হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, রাবিগে সৌদি আরামকোর একটি শোধনাগার, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর ও খামিস মুশাইতের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। নাজরান ও জাজান অঞ্চলের আরও কয়েকটি স্থাপনাকেও লক্ষ্য করা হয়েছে বলে দাবি করা হয়।
হুতিদের দাবি, এসব অভিযানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনে সৌদি হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী ইয়েমেনে কয়েক ডজন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও দাবি করে তারা। একই সঙ্গে আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে মক্কা ও মদিনার আকাশসীমা এর বাইরে রাখা হয়েছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হোদেইদা প্রদেশে হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে নৌ অভিযান চালিয়ে অস্ত্রের গুদাম, বিস্ফোরকবোঝাই নৌকা রাখার স্থাপনা ও সমুদ্রের মাইন ধ্বংস করা হয়েছে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনী তাইজের কৌশলগত বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। ‘অপারেশন ইয়েমেন ডন’ অভিযানে হুতিদের নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।