
কুড়িগ্রামের দই খাওয়া সীমান্তে দুই ভারতীয় নাগরিককে বাংলাদেশি ভেবে আটক করে গুলি করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে তাদের সীমান্ত এলাকায় ফেলে যাওয়ার পর বাংলাদেশি সহযোগীরা আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে ডিবি তাদের আটক করলে পুলিশের হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।
গুলিবিদ্ধ দুজন হলেন আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা আব্দুল মজিদ মন্ডল ও মৃত আব্দুল করিম শেখের সন্তান। চিকিৎসক জানিয়েছেন, আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক। ইসমাইল হোসেনের দাবি, ভারতীয় সীমান্তের ভেতরে গরু চোরাচালানের সময় বাংলাদেশি ভেবে বিএসএফ তাদের আটক করে পরে বাংলাদেশ সীমান্তে এনে গুলি করে ফেলে যায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, দুই ভারতীয় নাগরিককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী নেবে। তবে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।