
বহর সম্প্রসারণ ও ভবিষ্যৎ উড়োজাহাজ পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ উপলক্ষে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের গ্রাউন্ড লেভেলের উৎসব হলে চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিমানের পাঠানো আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের প্রতিনিধিরা ১০টি উড়োজাহাজ অধিগ্রহণের চুক্তিতে সই করবেন। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।
বিমানের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন রুট সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। এর আগে বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে দুই দফায় ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। এবার এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ অধিগ্রহণের চুক্তি সেই পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে।