October 6, 2026, 12:22 pm

দেড় দশক পর ‘কিং’-এ শাহরুখ-কারিনার পর্দা জুটি

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ দেড় দশক পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘কিং’-এর ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন তারা। ফলে ‘রা. ওয়ান’ (২০১১)-এর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন দুই তারকা। ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে পিঙ্কভিলা।
সূত্রের খবর, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে গানটির শুটিং করবেন কারিনা। এ জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। বড় পরিসরে গানটির শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে। গানটিতে আন্তর্জাতিক এক শিল্পীর কণ্ঠ থাকার কথা থাকলেও তার নাম এখনো জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, গানটি গেয়েছেন জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। ‘কাভি খুশি কাভি গম’ ও ‘ডন’-এর পর ‘কিং’-এ শাহরুখ-কারিনার নতুন উপস্থিতি দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বর উপলক্ষে ‘কিং’ সিনেমার নতুন ঝলক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ আরও অনেকে। ২ নভেম্বর থেকেই সিনেমাটির প্রচারণা শুরু হতে পারে বলে অপেক্ষায় রয়েছেন দর্শক-ভক্তরা।



ফেসবুক কর্নার