October 5, 2026, 5:39 pm

জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর আলাদা পথে প্রীতম-শেহতাজ

তারেক হোসাইন, চট্টগ্রাম ব্যুরো

 

দীর্ঘ এক দশকের সম্পর্কের পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা। রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে তাঁরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে থাকার কথা জানান। দুজনই বলেন, পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য উপলব্ধি করেই আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

প্রীতম ও শেহতাজ জানান, দীর্ঘ আলোচনা, পারিবারিক সমর্থন ও সম্মতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তাঁরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা অটুট থাকবে। জীবনের এই পরিবর্তনের সময়ে বন্ধু, সহকর্মী, ভক্ত ও গণমাধ্যমের প্রতি তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই।

প্রীতম ও শেহতাজের পরিচয় ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজের সূত্রে। পরে বন্ধুত্ব থেকে তাঁদের সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। প্রায় পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা-বাগানের পরিবেশে তাঁদের বিয়ে হয়। বিয়ের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে তাঁদের। বিচ্ছেদের ঘোষণা দিয়ে দুজনই নেতিবাচক আলোচনা বা অনুমান না করে ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার