November 19, 2026, 12:40 pm

৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম

অভয়নগর প্রতিবেদক

 

জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা। আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিরিজটির নতুন পর্বগুলো। জিতেন্দ্র কুমার অভিনীত এ সিরিজের নতুন মৌসুম নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যে সম্প্রতি প্রচারণার মাধ্যমে মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে। সিরিজটির জনপ্রিয় চরিত্র বনরাক্ষসকে ঘিরে ভক্তদের জন্য বিশেষ চ্যালেঞ্জও চালু করেছিলেন নির্মাতারা।

প্রচারণার অংশ হিসেবে বনরাক্ষসের গলায় এক কোটি গাঁদা ফুলের মালা পরানোর চ্যালেঞ্জ দেওয়া হয়। চরিত্রটিতে অভিনয় করেছেন দুর্গেশ কুমার, আর তাঁর স্ত্রী ক্রান্তি দেবীর ভূমিকায় রয়েছেন সুনীতা রাজওয়ার। চ্যালেঞ্জের লক্ষ্য পূরণ হলে মালার সংখ্যা ১০ কোটি করার ঘোষণা দেওয়া হয়েছিল এবং লক্ষ্য অর্জনের পর নতুন মৌসুমের মুক্তির তারিখ জানানো হবে বলে জানিয়েছিলেন নির্মাতারা। তবে পুরো লক্ষ্য পূরণের অপেক্ষা না করেই মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন মৌসুমেও দেখা যাবে ফুলেরা গ্রামের পরিচিত বাসিন্দাদের।

আগের মৌসুমের শেষে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ক্রান্তি দেবী নতুন প্রধান নির্বাচিত হন, ফলে মঞ্জু দেবীর (নীনা গুপ্তা) জায়গায় দায়িত্ব নেন তিনি। নতুন প্রধানের সঙ্গে পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠির (জিতেন্দ্র কুমার) কাজের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। পাশাপাশি অভিষেকের এমবিএ পড়ার স্বপ্ন, ফুলেরা গ্রামের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক এবং নির্বাচনে হেরে নতুন পরিস্থিতিতে প্রধানজি (রঘুবীর যাদব) কীভাবে মানিয়ে নেবেন, তা উঠে আসবে পঞ্চম মৌসুমে। আগামী ৩ ডিসেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে সিরিজটি।



ফেসবুক কর্নার