
শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে তার বাড়িতে নতুন ঘর নির্মাণ, মা-বাবার থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ঘোষিত ১ কোটি টাকা ছাড় করেছে স্থানীয় সরকার বিভাগ। গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত ও তার বাবা-মায়ের খোঁজখবর নিয়ে এ বরাদ্দের ঘোষণা দেন। ঘোষণার পাঁচ দিনের মাথায় সোমবার (৫ অক্টোবর) অর্থ অবমুক্ত করা হয়।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত অর্থ অবমুক্তির চিঠি রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে ছাড়পত্রটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের এডিপির ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে রংপুর জেলা পরিষদের অনুকূলে মোট ১০৯ লাখ টাকা ছাড় করা হয়েছে।
বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ঘরবাড়ি ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থীদের সাইকেল সরবরাহে ৫ লাখ টাকা এবং পীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন ও পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে। বরাদ্দ ব্যবহারে এডিপি বরাদ্দ ব্যবহার নির্দেশিকা-২০২২সহ প্রচলিত বিধিবিধান অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষণার পাঁচ দিনের মধ্যে অর্থ ছাড় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আবু সাঈদের পরিবার। একইসঙ্গে নির্ধারিত প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছে তারা।