
ভারতের বর্ষীয়ান রবীন্দ্রসংগীত শিল্পী বিভা সেনগুপ্ত আর নেই। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে মারা গেছেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই শিল্পী। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বিভা সেনগুপ্ত। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংগীতশিল্পী শ্রাবণী সেন। তিনি জানান, বিভা সেনগুপ্ত সাধারণত সুস্থ-সবলই ছিলেন, তবে মাঝেমধ্যে তাকে রক্ত দিতে হতো এবং সম্ভবত হিমোগ্লোবিন কম ছিল।
মৃত্যুর মাত্র কয়েক দিন আগে গত ২৯ সেপ্টেম্বর ‘লোকভারতী’ সংগঠনের পক্ষ থেকে বাড়িতে গিয়ে বিভা সেনগুপ্তকে সংবর্ধনা দেওয়া হয়। সেই স্মৃতি তুলে ধরে শোক জানিয়েছেন সংগীতশিল্পী অলক রায়চৌধুরী। তিনি জানান, ওই দিন বিভা সেনগুপ্তকে বেশ স্বতঃস্ফূর্ত দেখাচ্ছিল এবং দীর্ঘ সময় গল্পও হয়। দীর্ঘ সংগীতজীবনে রবীন্দ্রসংগীত চর্চা ও শিক্ষাদানের মধ্য দিয়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি।
জন্মসূত্রে ত্রিপুরার বাসিন্দা বিভা সেনগুপ্ত ১৯৫৯ সালে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মায়া সেনের কাছে তার সংগীতে হাতেখড়ি হয়। পরবর্তী সময়ে একটি সংগীত শিক্ষাকেন্দ্রে গান শেখানোর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। জীবনের শেষ দশ-বারো বছরে কিছুটা প্রচারের আলোয় এলেও বরাবরই ছিলেন নিভৃতচারী। অলক রায়চৌধুরী জানান, তিনি যত্ন নিয়ে গান শেখাতেন, ছাত্রছাত্রী তৈরি করতেন এবং গুরু দেবব্রত বিশ্বাসের জন্মদিন নিষ্ঠার সঙ্গে পালন করতেন। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।