
জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) সেটে দুর্ঘটনায় হাঁটুতে চোট পাওয়ার পর এবার ঘুমের সমস্যায় ভুগছেন অমিতাভ বচ্চন। কিছুদিন আগে সেটে পা পিছলে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই পর্যাপ্ত ঘুম না হওয়ার সমস্যার কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ব্লগে শারীরিক অবস্থা ও নতুন উপলব্ধি নিয়ে লিখেছেন অমিতাভ। তিনি জানান, শরীরকে স্বাভাবিক ও সুস্থ রাখতে পর্যাপ্ত রাতের ঘুমের কোনো বিকল্প নেই। কিন্তু দীর্ঘদিনের ব্যস্ত কর্মসূচির কারণে প্রয়োজনীয় সময় বের করতে তার কষ্ট হচ্ছে। এ কারণে এবার দ্রুত ঘুমানোর অভ্যাস গড়ে তোলার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
অমিতাভ বলেন, কাজের জন্য তাকে ভোরে উঠতে হয়, তাই দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনা জরুরি। কাজের পাশাপাশি সবসময় নানা ধরনের চিন্তা মাথায় ঘুরতে থাকে বলেও জানান তিনি। জীবনের ভালো কিছু অর্জন তাকে এখনো এগিয়ে যাওয়ার শক্তি জোগায় উল্লেখ করে এই অভিনেতা বলেন, দীর্ঘ কর্মজীবন ধরে রাখতে হলে শরীরকে প্রয়োজনীয় বিশ্রাম দেওয়া জরুরি—এ বিষয়টি তিনি এখন আরও গভীরভাবে উপলব্ধি করছেন।