October 6, 2026, 10:42 am

বড় পর্দায় প্রথমবার জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন

অভয়নগর প্রতিবেদক

টিভি নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার বড় পর্দায় জুটি বাঁধছেন। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় দেখা যাবে তাদের। চলতি বছরের জানুয়ারিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হলেও তখন নিশো-মেহজাবীনের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি। সোমবার (৫ অক্টোবর) রাতে প্রযোজক শাহরিয়ার শাকিল তাদের সঙ্গে একটি ছবি প্রকাশ করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
প্রযোজনা-সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছে, ‘পুলসিরাত’-এর প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী জানুয়ারির শুরুতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। টানা শুটিংয়ে এক মাসের মধ্যে দৃশ্যায়ন শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ফেব্রুয়ারিতে পোস্ট-প্রডাকশনের কাজ শেষ করে মার্চে রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।
‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সিনেমাটির মাধ্যমে নির্মাতা হিসেবে ভিকি জাহেদের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। এর আগে তার নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো নাটক ও ওয়েব সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন নিশো-মেহজাবীন। তাদের পরিচিত রসায়ন এবার বড় পর্দায় কেমন হয়, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার