
সংগীতজীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে ভারতের নয়টি শহরে কনসার্ট করবেন অরিজিৎ সিং। জানুয়ারি থেকে মে পর্যন্ত চলবে তার এই বিশেষ সফর। আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি, পুনে, ইন্দোর ও হায়দরাবাদে হবে কনসার্টগুলো। ৯ জানুয়ারি আহমেদাবাদে শুরু হয়ে ১৫ মে হায়দরাবাদে শেষ হবে সফরটি।
সূচি অনুযায়ী ২৩ জানুয়ারি চণ্ডীগড়, ৭ ফেব্রুয়ারি জয়পুর, ২০ ফেব্রুয়ারি মুম্বাই, ১৩ মার্চ বেঙ্গালুরু এবং ২৭ মার্চ নয়াদিল্লিতে পারফর্ম করবেন অরিজিৎ। এরপর ১০ এপ্রিল পুনে, ১ মে ইন্দোরে কনসার্ট করবেন তিনি। কনসার্টে অরিজিতের জনপ্রিয় গানসহ আরও বেশ কিছু গান উপভোগের সুযোগ পাবেন ভক্তরা। আয়োজকরা জানিয়েছেন, এটি এখন পর্যন্ত অরিজিতের সবচেয়ে বড় ভারত সফর।
টিম ইনোভেশনের প্রযোজনা ও প্রচারণায় কনসার্টগুলো অনুষ্ঠিত হবে। বড় পরিসরের স্টেডিয়াম কনসার্টে মাল্টি-লেভেল মঞ্চ, রানওয়ে, ৩৬০ ডিগ্রি অডিও, প্যানোরামিক স্ক্রিন, কাইনেটিক এলইডি, লেজার শো ও আতশবাজির আয়োজন থাকবে। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পাওয়া অরিজিৎ পরে হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হয়ে ওঠেন। ২০২৬ সালের জানুয়ারিতে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেও এবার মঞ্চে ফিরছেন তিনি।