October 6, 2026, 8:56 am

অধিনায়কত্ব হারিয়ে টি-টোয়েন্টি দল থেকেই বাদ সালমান আগা

অভয়নগর প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন অধিনায়ক করা হয়েছে সাহিবজাদা ফারহানকে। এর ফলে সাবেক অধিনায়ক সালমান আলী আগা নেতৃত্ব হারানোর পাশাপাশি টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র এক ম্যাচ খেলা রাজাউল্লাহ দলে জায়গা পেয়েছেন। এজবাস্টনে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তিনি ৮১ রানের ইনিংস খেলেছিলেন।
শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নাসিম শাহ। এ বছরের ফেব্রুয়ারিতে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিই ছিল পাকিস্তানের হয়ে তাঁর সর্বশেষ ম্যাচ। এশিয়ান গেমসের দলে থাকা আরাফাত মিনহাস, মাজ সাদাকাত, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও আবদুল সামাদও লঙ্কা সিরিজের দলে রয়েছেন। ৯ থেকে ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
তবে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন সালমান আগা। ২০২৪ সালের নভেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে তিনি ৩১টি জয় ও ১৮টি পরাজয় পেয়েছেন; একটি ম্যাচের ফল হয়নি। ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, যার ফাইনাল ৩১ অক্টোবর লাহোরে।



ফেসবুক কর্নার