
২০২৮ সাল থেকে স্কুল পর্যায়েই শিক্ষার্থীদের নাচ, গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান প্রজন্ম পুরোপুরি মানবিক হতে না পারলেও আগামী প্রজন্মকে মানবিক হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের মানবিক হতে হবে। মানুষের পাশাপাশি প্রকৃতি, পশু-পাখির প্রতিও দয়া ও দায়িত্বশীল আচরণ করতে হবে। শিশুদের খেলাধুলা ও বিভিন্ন প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যার যে বিষয়ে আগ্রহ, তাকে সেই প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। তিনি নিজে গিটার বাজানো শুরু করলেও শেষ করতে পারেননি বলেও জানান।
তিনি আরও বলেন, শিশুরা সঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশ শক্তিশালী হবে। প্রথমবারের মতো দেশে ২২ লাখ ছেলে-মেয়ে ফুটবল খেলায় অংশ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখান থেকে ভালো খেলোয়াড় উঠে আসবে। সংস্কৃতির পাশাপাশি খেলাধুলায়ও শিশুদের উৎসাহিত করা হবে। বাড়ি, স্কুল ও আশপাশের গাছের যত্ন নেওয়া এবং জীববৈচিত্র্য রক্ষায় সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।