October 7, 2026, 5:22 pm

নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার

অভয়নগর প্রতিবেদক

নির্ধারিত দামে কোথাও এলপিজি পাওয়া না গেলে গণমাধ্যমকে জনস্বার্থে বিষয়টি তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিষয়টি নজরে এলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা থাকলেও সরকার এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা করছে। কোথাও সমন্বয় করা দামে এলপিজি না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। খোলা বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং কমিশন নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের নিয়ে অনলাইন সভায় জ্বালানি মন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের মোবাইল কোর্টের তদারকিও চলছে।
জাহেদ উর রহমান বলেন, এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে সরকারের একাধিক বৈঠক হয়েছে এবং বাজার স্বাভাবিক রাখার বিষয়ে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে অভিযানই একমাত্র সমাধান নয়; ব্যবসায়ীরা যেন ন্যায্যমূল্য পান এবং সরবরাহ ঘাটতি তৈরি না হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। আইন না মানলে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্যান্য উদ্যোগের মাধ্যমে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার