October 7, 2026, 12:57 pm

নান্দাইলে কাঁচা পেঁপে ট্রাকেই পাকার অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের নান্দাইলের চরাঞ্চল থেকে সংগ্রহের মাত্র তিন-চার ঘণ্টার মধ্যেই কাঁচা পেঁপে হলুদ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, চর বেতাগৈর, চরশ্রীরামপুর ও আনন্দ বাজারসহ বিভিন্ন এলাকার বাগান থেকে প্রতি কেজি ১০ থেকে ১২ টাকা দরে কাঁচা পেঁপে কিনে নির্দিষ্ট ঘর বা আড়তে স্তূপ করা হয়। পরে কাগজে মুড়িয়ে ঝুড়ি ও বস্তায় ভরে ট্রাকে করে ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হয়।
পাইকারদের দাবি, নান্দাইল থেকে ঢাকার কারওয়ান বাজারে পৌঁছাতে চার-পাঁচ ঘণ্টা সময় লাগে এবং এর মধ্যেই পেঁপে পেকে যায়। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, কাগজে মোড়ানোর আগে পেঁপেতে তরল রাসায়নিক স্প্রে করা হয়। ব্যবসায়ী মো. শাহজাহান রাসায়নিক ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, কাগজে মোড়ানোর পর ভেতরের তাপেই পেঁপে পেকে যায়। তিনি ১৫০টি পেঁপে গাছের একটি বাগান ফলসহ ৭০ হাজার টাকায় কেনার তথ্যও জানান।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, রাসায়নিকযুক্ত ফল খেলে লিভার-কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা বলেন, পরিপক্ক পেঁপে স্বাভাবিক তাপেও কাগজে মুড়িয়ে পাকানো সম্ভব। তবে চরাঞ্চলের পেঁপে প্রাকৃতিকভাবে নাকি কৃত্রিমভাবে পাকানো হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার