
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের শ্রী রমণীকান্ত বেপারী দীর্ঘ ৫৫ বছর বিনা পারিশ্রমিকে শিশুদের শিক্ষাদান করে আসছেন। নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
জ্ঞান বিতরণের ব্রত নিয়ে রমণীকান্ত বেপারী জীবনের সিংহভাগ সময় গ্রামাঞ্চলে শিক্ষাদানে ব্যয় করেছেন। রাংতা গ্রামসহ আশপাশের এলাকার শিশুদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। সমাজ গঠনে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় এ সম্মাননা লাভ করায় রমণীকান্ত বেপারীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি। এ ছাড়া আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জি এম সজীব তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। স্থানীয় বাসিন্দারা তাঁর এ স্বীকৃতিকে রাজিহার ইউনিয়নসহ আগৈলঝাড়ার জন্য গৌরবের বিষয় বলে উল্লেখ করেছেন।