October 7, 2026, 9:09 am

শাপলা চত্বর মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছাল

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়েছে। বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ১ নভেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী সময় আবেদন করলে প্রসিকিউশন এতে আপত্তি জানায়নি। পরে ট্রাইব্যুনাল শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। মামলায় গ্রেপ্তার ১১ আসামি—হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, আব্দুর রাজ্জাক, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, একেএম শহীদুল হক, জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা—এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। মামলার দুই অভিযোগের প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয়টিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের ঘটনা আনা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি এবং গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশও দেওয়া হয়েছিল।



ফেসবুক কর্নার