October 7, 2026, 9:25 am

সৌদির দুই বিমানবন্দরসহ ছয় স্থাপনায় হুথিদের হামলার দাবি

অভয়নগর প্রতিবেদক

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও চারটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি। বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ দাবি করেন হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী। তার দাবি, ভোরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালানো হয়।
ইয়াহিয়া সারী জানান, একই সময়ে খামিস মুশাইতের সেনাঘাঁটি, জাজান প্রদেশের জিজানের দাঘারি ও আল-মাউসিম সেনাঘাঁটি এবং আসির প্রদেশের আনকিফাহ সেনাঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তার দাবি, হামলার কারণে কিং খালিদ ও আবহা বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বড় ধরনের ব্যাঘাত ঘটে এবং সেনাঘাঁটিগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোট কোনো মন্তব্য করেনি। পৃথক এক বিবৃতিতে জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের উত্তরে মাঝপথে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র শনাক্ত করা হয়েছে এবং সেটির ওপর নজরদারি চলছে।



ফেসবুক কর্নার