October 7, 2026, 1:17 pm

নাইটক্লাব বিতর্কে এমবাপে, মরিনিওর কড়া বার্তা

অভয়নগর প্রতিবেদক

 

রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, অনুশীলন ও চোটের পুনর্বাসনের সময় নাইটক্লাবে যাওয়া এবং সুইস আল্পসে সাইক্লিংয়ের ভিডিও ছড়িয়ে পড়ার পর কোচ হোসে মরিনিওর সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন এমবাপে।

‘এল চিরিংগিতো’র প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভালদেবেবাসে নাশতার সময় এমবাপের সঙ্গে একান্তে কথা বলেন মরিনিও। সেখানে কোচ তাকে কঠোরভাবে সমালোচনা করেন বলে দাবি করা হয়েছে। প্রকাশ্যে এমবাপের পক্ষ নিলেও দলের ভেতরে এ ধরনের আচরণকে তিনি সমর্থন করবেন না বলেও নাকি জানিয়ে দেন। এর আগে প্যারিসের একটি নাইটক্লাবে বান্ধবী এসতের এক্সপোসিতোর সঙ্গে এমবাপের সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এমবাপে সোমবার ব্যক্তিগত অনুশীলনে ফিরলেও মঙ্গলবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি। ফলে আগামী শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে তার মাঠে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। কয়েক সপ্তাহ আগে সমালোচনার মধ্যেও মরিনিও এমবাপের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, যে খেলোয়াড় ৪০ গোল করে, সে দলের জন্য সমস্যার কারণ হতে পারে না।



ফেসবুক কর্নার