October 7, 2026, 12:09 pm

সম্মানসূচক ডক্টরেট পেলেন ফুটবল কিংবদন্তি মেসি

অভয়নগর প্রতিবেদক

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে বেনিনের বিপক্ষে বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধি দিয়েছে। বুধবার আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার আগে তিনি ‘ডক্টর অনোরিস কসা’ উপাধি পান। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে অভিনন্দন জানায়।
মেসি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন এবং সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে দীর্ঘ ২৮ বছরের ট্রফি-খরা কাটাতে সহায়তা করেন। ২০২৪ সালের কোপা আমেরিকাতেও আর্জেন্টিনাকে শিরোপা জেতান মেসি। ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।
২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন মেসি। ৩৪ ম্যাচে করেছেন ২১ গোল। এ বছরের বিশ্বকাপে তিনি আট গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন। বর্তমানে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ক্লাব ফুটবলে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির হয়ে খেলছেন এই আর্জেন্টাইন তারকা।



ফেসবুক কর্নার