October 7, 2026, 11:46 am

দল থেকে বহিষ্কারের পর বিএনপি নেতার ‘আলহামদুলিল্লাহ

অভয়নগর প্রতিবেদক

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। একাধিকবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর নিজের ফেসবুক আইডিতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অভিযোগের প্রেক্ষিতে গত ২৮ জুলাই সাগরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে অভিযোগ অব্যাহত থাকায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাকে সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশের অনুলিপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের কাছে পাঠানো হয়েছে।

বহিষ্কারের পর সাগর ফেসবুকে লেখেন, ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল আলহামদুলিল্লাহ।’ এর আগে তার বিরুদ্ধে নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে আবু তালেবের সঙ্গে হাতাহাতি, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের হুমকিসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব ঘটনায় ভুক্তভোগীরা পৃথকভাবে অন্তত ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে সাগরের বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার