
আর্জেন্টিনার জার্সির সঙ্গে দীর্ঘ পথচলার ইতি টানার ইঙ্গিত দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ফুটবলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেসির ‘শেষ চিঠি’ প্রকাশ করেন। একই সময়ে মেসিও নিজের ফেসবুক আইডিতে বিশেষ মুহূর্তগুলো মিস করার কথা জানান।
বার্তায় আর্জেন্টিনার জার্সির প্রতি গভীর আবেগ প্রকাশ করেছেন মেসি। তিনি জানান, বিদায়ের মুহূর্তে তিনি শান্তিতে আছেন এবং দলের হয়ে নিজের সর্বস্ব দিয়েছেন। দীর্ঘ সময়ের এই জার্সিকে নিজের স্বপ্ন, গর্ব ও জীবনের অংশ হিসেবে উল্লেখ করেন আর্জেন্টাইন অধিনায়ক। ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।
ফ্যাব্রিজিও রোমানো জানান, অ্যাডিডাসের সঙ্গে মেসির এ বার্তা তাঁর ‘শেষ ম্যাচের’ আগে প্রকাশ করা হয়েছে। পরে তিনি মেসির স্টেডিয়ামে যাওয়ার মুহূর্তের আপডেটও দেন এবং জানান, ফুটবল ইতিহাসে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে শুরুর একাদশে থাকছেন মেসি। তাঁর বিদায়বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে।