
ইংরেজিতে কনটেন্ট তৈরি করায় ভারতের উত্তর প্রদেশের যশোদা লোধিকে প্রায়ই স্বামীর বকাঝকা শুনতে হতো। ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’ নামে ইউটিউব চ্যানেলে ইংরেজি শেখানোর ভিডিও তৈরি করেন তিনি। ক্ষেতের কাজের সময়ও ভিডিও বানান যশোদা। এমনই একটি ভিডিওতে স্বামীর বকাঝকার বিষয়টি তুলে ধরেন তিনি।
যশোদার সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে তাকে উৎসাহ দেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রিয়াঙ্কার শেয়ার করা ভিডিওটি ঘিরে যশোদার কনটেন্ট নতুন করে আলোচনায় আসে। যশোদার দাবি, প্রিয়াঙ্কা ভিডিওটি শেয়ার করার পর তার ইনস্টাগ্রামে প্রায় চার লাখ অনুসারী বেড়েছে।
এ ছাড়া তার ইউটিউব চ্যানেলের অনুসারীর সংখ্যাও চার লাখ ছাড়িয়েছে বলে জানান যশোদা। প্রিয়াঙ্কা চোপড়াকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে যশোদা লেখেন, কোনো কাজই ছোট নয়। নিজের কাজ চালিয়ে গেলে একদিন সফলতা পাওয়া যায়। অন্যকে শেখানোর ছোট ছোট চেষ্টাগুলো তার জন্য বড় অর্জন বলেও উল্লেখ করেন তিনি।