
নড়াইলের লোহাগড়া উপজেলায় মোহনা খানম (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখছে। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নিহত মোহনা খানম নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজাদ মিয়ার মেয়ে। তিনি পরিবারের সঙ্গে গোপীনাথপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা ঘরের মধ্যে তাঁকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লোহাগড়া থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মোহনা খানমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হলেও তাঁরা কোনো বক্তব্য দিতে রাজি হননি। ফলে মৃত্যুর পেছনে সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।