সিলেটের ওসমানীনগরে শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা এবং তাঁর বাসভবনের ফটকে পেট্রলবোমা নিক্ষেপের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশ নেওয়ার পাশাপাশি একটি এনজিও সংস্থার প্রকল্প উদ্বোধন এবং প্রয়াত এক জনপ্রতিনিধির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
শনিবার দুপুর ১টার দিকে সিলেট নগরী থেকে ওসমানীনগরের উদ্দেশে রওনা হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে তাজপুর বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য সৈয়দ এনামুল হকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় যোগ দেন তিনি। দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত অপচেষ্টা এবং তাঁর বাসভবনের ফটকে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তাজপুরের কর্মসূচি শেষে তিনি বুরুঙ্গা বাজারে একটি এনজিও সংস্থার প্রকল্প উদ্বোধন করেন। সেখান থেকে ফেরার পথে প্রয়াত গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজারে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত আরেকটি বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিছিলটি গোয়ালাবাজারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উত্তর গোয়ালাবাজারে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।