
জুলাই গণ-অভ্যুত্থানের সময় জনতার পিটুনিতে নিহত চাঁদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন এলাকায় প্রথমে সেলিম খানের মরদেহ এবং কিছুক্ষণ পর তার ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি উত্তোলন করা হয়েছে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্ত কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন। এর আগে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানিয়েছিলেন, আদালতের নির্দেশের পর ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। জেলা প্রশাসক আবেদন মঞ্জুর করার পর আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলনের কার্যক্রম সম্পন্ন করা হয়।
সেলিম খান সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী ও চলচ্চিত্র প্রযোজক ছিলেন; তার ছেলে শান্ত খানও একাধিক সিনেমায় অভিনয় করেছেন। সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগসহ একাধিক মামলা ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দিন সন্ধ্যায় পালিয়ে যাওয়ার সময় জনতার পিটুনিতে বাবা-ছেলে নিহত হন। এ ঘটনায় করা মামলার তদন্তের অংশ হিসেবে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।