
বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের প্রিমিয়ারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জীবনসঙ্গী বাছাইয়ে জেলার পরিচয়ের চেয়ে মানুষকেই বেশি গুরুত্ব দেবেন। তার কাছে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস ও পারস্পরিক সম্মান।
কেয়া পায়েল বলেন, “সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করব না, মানুষ দেখে বিয়ে করব। বিয়ে নিয়ে এত কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে একজন মানুষকে চাই, যাকে নিয়ে সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি।” তার এই বক্তব্যের পর বিয়ে নিয়ে অভিনেত্রীর ব্যক্তিগত ভাবনা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে চিত্রনায়ক আরিফিন শুভ ও কেয়া পায়েল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে আলোচনায় আসেন। অনেকেই তাদের গোপনে বিয়ে হয়েছে বলে ধারণা করলেও পরে জানা যায়, এটি বাস্তব জীবনের ঘোষণা নয়; বরং তাদের নতুন গল্পের ইঙ্গিত। জাহিদ প্রীতম পরিচালিত ‘হ্যাপিলি ম্যারিড’ আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর চরকি ওটিটিতে মুক্তি পাবে।